

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে এক টাউন হল সভায় মার্কিন অভিবাসন পুলিশ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বিলুপ্তির আহ্বান জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন মিনেসোটার কংগ্রেস প্রতিনিধি ইলহান ওমর। এ সময় এক ব্যক্তি অজ্ঞাত তরল পদার্থ স্প্রে করেন তাঁর শরীরে। তবে এ ঘটনায় ইলহান ওমর আহত হননি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে থার্ড-ডিগ্রি শারীরিক হামলার অভিযোগ আনা হয়েছে। স্প্রে করা তরলটি কী ছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য জানায়নি।
সি-স্প্যানের ধারণ করা ভিডিওতে দেখা যায়, সভায় বক্তব্য দেওয়ার সময় ইলহান ওমর যখন আইসিই বিলুপ্তি এবং মার্কিন স্বরাষ্ট্র দপ্তর ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) সেক্রেটারি ক্রিস্টি নোমের পদত্যাগ দাবি করছিলেন, তখন এক ব্যক্তি হঠাৎ দৌড়ে তাঁর পোডিয়ামের দিকে এগিয়ে যান।
হামলার কয়েক সেকেন্ড আগে ওমর বলেন, ‘আইসিই সংস্কারযোগ্য কোনো প্রতিষ্ঠান নয়। একে সংশোধন করা যাবে না। আমাদের চিরতরে আইসিই বিলুপ্ত করতে হবে। একই সঙ্গে ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টি নোমকে পদত্যাগ করতে হবে, নইলে তাঁকে অভিশংসনের মুখোমুখি হতে হবে।’
এ সময় হামলাকারী একটি সিরিঞ্জের মাধ্যমে কালচে রঙের তরল স্প্রে করেন এবং তাঁকে বলতে শোনা যায়, ‘আপনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।’ নিরাপত্তাকর্মীরা দ্রুত হামলাকারীকে ধরে মাটিতে ফেলে দেন। ঘটনাস্থলে উপস্থিত দর্শকদের মধ্যে মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক দর্শককে বলতে শোনা যায়, ‘হায় খোদা, সে তাঁর গায়ে কিছু একটা স্প্রে করেছে।’
ঘটনার পর ইলহান ওমর সমর্থকদের জানান, তিনি ভালো আছেন। তবে উপস্থিত কয়েকজন জানান, স্প্রে করা তরল থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল এবং তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন।
এরপর আবার পোডিয়ামে ফিরে ইলহান ওমর দর্শকদের উদ্দেশে বলেন, ‘এই ধরনের কুৎসিত মানুষ বোঝে না যে আমরা মিনেসোটাবাসী শক্তিশালী। আমাদের দিকে তারা যা-ই ছুড়ে মারুক না কেন, আমরা অবিচল থাকব।’ তাঁর বক্তব্যে উপস্থিত জনতা উল্লাস প্রকাশ করে।
অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইলহান ওমর লেখেন, ‘আমি ঠিক আছি। আমি একজন সারভাইভার। এই সামান্য আন্দোলনকারী আমাকে আমার দায়িত্ব পালন থেকে বিরত রাখতে পারবে না। আমি গুন্ডাদের জিততে দিই না। আমার অসাধারণ নির্বাচকমণ্ডলীর প্রতি কৃতজ্ঞ, যারা আমার পাশে দাঁড়িয়েছেন। মিনেসোটা অনেক শক্তিশালী।’
সোমালি বংশোদ্ভূত আমেরিকান কংগ্রেসওম্যান ইলহান ওমর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা এবং অভিবাসন সংস্কারসহ নানা প্রগতিশীল অবস্থানের কারণে দীর্ঘদিন ধরেই মার্কিন রক্ষণশীল মহলের সমালোচনার মুখে রয়েছেন। তিনি মিনিয়াপোলিসে নথিভুক্তহীন অভিবাসীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে পরিচালিত আইসিইর ‘অপারেশন মেট্রো সার্জ’-এরও প্রকাশ্য বিরোধিতা করে আসছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম দুই মুসলিম নারীর একজন হিসেবে কংগ্রেসে নির্বাচিত হন ইলহান ওমর। সর্বশেষ ২০২৪ সালে তিনি তৃতীয় মেয়াদে নির্বাচিত হন। বর্তমানে তিনি মিনেসোটার ৫ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছেন, যার আওতায় মিনিয়াপোলিস ও আশপাশের এলাকা অন্তর্ভুক্ত।



