

অনলাইন নিউজ ডেস্ক
প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করছে ভারত। আজ রোববার (২৮ জুন) থেকে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু করবে।
এর ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বাংলাদেশি ভ্রমণপ্রত্যাশীরা আবারও ভারতে ভ্রমণের জন্য ভিসার আবেদন করার সুযোগ পাবেন।
গত বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের পর ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার এ ঘোষণা দেন। তিনি জানান, ধাপে ধাপে ভিসা কার্যক্রম স্বাভাবিক করা হবে। পাশাপাশি মানবিক বিবেচনায় মেডিক্যাল ভিসা আরও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা প্রয়োজনীয় সেবা সহজে পেতে পারেন।
প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন জমা নেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরের ভিসা সেন্টারেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় সব ধরনের নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করে ভারত। একই সময়ে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
এর ফলে পাসপোর্ট জমা ও ফেরত দেওয়ার কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি নতুন ভিসা আবেদন গ্রহণও বন্ধ ছিল। পরে আগস্টের শেষ দিকে সীমিত পরিসরে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হলেও পর্যটন ভিসা চালু হয়নি। এ সময় জরুরি প্রয়োজন বিবেচনায় সীমিত আকারে মেডিক্যাল, ব্যবসায়িক, শিক্ষার্থী এবং সরকারি বিভিন্ন ক্যাটাগরির ভিসা ইস্যু করা হচ্ছিল।
পর্যটন ভিসা পুনরায় চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত ভ্রমণ কার্যক্রম আবারও গতি পাবে বলে সংশ্লিষ্টদের ধারণা।



