রাজনীতি

মুফতি মনির কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

অনলাইন নিউজ ডেস্ক

 

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট মনোনীত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই জরিমানা আদায় করা হয়।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ফতুল্লার দেলপাড়া এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে প্রচারণা ও অর্থ বিতরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এ ব্যবস্থা নেয়।

স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে মুফতি মনির হোসেন কাসেমী দেলপাড়া এলাকার লিটল জিনিয়াস স্কুলে আয়োজিত একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তিনি স্কুল কর্তৃপক্ষের নির্ধারিত পুরস্কারের পাশাপাশি নিজ উদ্যোগে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ দুই হাজার টাকা করে তুলে দেন। একই সঙ্গে স্কুলের মাইকে খেজুরগাছ প্রতীকে ভোট প্রার্থনা করা হয় এবং অর্থ বিতরণের সময় তার সমর্থকেরা ভোট চেয়ে স্লোগান দেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তকালে আয়োজক ও প্রার্থীর প্রতিনিধিরা অভিযোগের বিষয়টি স্বীকার করেন।

এরপর সংসদ নির্বাচনে প্রার্থীর আচরণবিধি ভঙ্গের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রার্থীকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানো আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। দোষ স্বীকারের ভিত্তিতে উপস্থিত প্রতিনিধিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।”

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, “নির্বাচনে ভোটারদের মধ্যে অর্থ বিতরণ একটি শাস্তিযোগ্য অপরাধ। প্রার্থীদের কর্মকাণ্ড আমরা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button