সারাদেশ

শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

সারা দেশে কয়েক দিন ধরে শীতের তীব্রতা কিছুটা কম থাকলেও আগামী কয়েক দিনে আবারও তাপমাত্রা কমে শীত বাড়তে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিনে সারা দেশে তাপমাত্রা কখনো কমতে পারে, কখনো অপরিবর্তিত থাকতে পারে এবং কখনো সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে। ফলে শীতের তীব্রতা ওঠানামা করতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা প্রসঙ্গে বলা হয়েছে, শুক্র ও শনিবার (৩১ জানুয়ারি) সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার (১ ফেব্রুয়ারি) রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button