

জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে গিয়ে তিনি আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
জিয়ারত শেষে তারেক রহমান শহীদ আবু সাঈদের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের অবদান স্মরণ করেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জানান।
সাক্ষাৎকালে আবু সাঈদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেন রংপুর অঞ্চলের উন্নয়ন বৈষম্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা কর্মসংস্থান বৃদ্ধি, কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং হাসপাতালের মানোন্নয়নের দাবি জানান। পাশাপাশি গণঅভ্যুত্থানে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আহ্বানও জানান তারা।
এ কর্মসূচি শেষে তারেক রহমান রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে একটি নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
এর আগে দুপুর ২টার দিকে তিনি বগুড়া থেকে রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করেন। পথে মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার জিয়ারত করেন এবং মোকামতলা বাসস্ট্যান্ডে এক নির্বাচনী পথসভায় অংশ নেন।



