জাতীয়

রাজস্ব আদায়ে ঐতিহাসিক সাফল্য, কাঁচাবাজার-ক্ষুদ্র মুদিদোকান ভ্যাটের বাইরে

অনলাইন নিউজ ডেস্ক

দেশের রাজস্ব ব্যবস্থাপনায় বড় সাফল্য হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রথমবারের মতো ৪ লাখ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে তিনি এ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যেই নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে রাজস্ব আদায়ে ইতিবাচক গতি এসেছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি কমাতে ফ্ল্যাট রেটে ভ্যাট চালুর উদ্যোগ নেওয়া হলেও কাঁচাবাজার ও ছোট মুদি দোকানকে এর আওতার বাইরে রাখা হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, করহার না বাড়িয়ে করের ভিত্তি সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য কর প্রশাসনকে আরও স্বচ্ছ ও করদাতাবান্ধব করতে কর নীতি ও ব্যবস্থাপনাকে আলাদা করা, অটোমেশন বাড়ানো, কর ফাঁকি রোধ এবং সামগ্রিক শাসনব্যবস্থায় স্বচ্ছতা আনার উদ্যোগ চলছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি ও রাজস্ব নীতির সমন্বয়ের কথা উল্লেখ করে তিনি জানান, কিছু পণ্যের উৎসে কর কমানোসহ সরবরাহ ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বাজারে দাম স্থিতিশীল থাকে।

আগামী অর্থবছরের জন্য ৬.৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও তিনি জানান। এই লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, শিল্প, কৃষি, আইসিটি ও সেবা খাতের সম্প্রসারণ এবং মানবসম্পদ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এছাড়া বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ ও সরকারি ব্যয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে উন্নয়ন ব্যয়ের অংশ বাড়িয়ে ৩৩.৭০ শতাংশ এবং পরিচালন ব্যয় কমিয়ে ৬৬.৩০ শতাংশে আনার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button