জাতীয়

বাংলা একাডেমি চত্বরে অমর একুশে প্রতীকী বইমেলা আজ

অনলাইন নিউজ ডেস্ক

 

 

আসন্ন অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে আজ রোববার বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে প্রতীকী বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। একুশে বইমেলা সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত এই মেলায় অর্ধশতাধিক ছোট-বড় প্রকাশনা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করেছে।

মেলা উপলক্ষে অমর একুশের গান, আবৃত্তি, নাটক ও বক্তৃতাসহ নানা সাংস্কৃতিক আয়োজন চলছে, যা সন্ধ্যা পর্যন্ত চলবে।

একুশে বইমেলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে জানানো হয়, বাংলা একাডেমি কর্তৃপক্ষ ও সরকার অমর একুশে বইমেলার দীর্ঘদিনের ধারাবাহিকতা, ইতিহাস ও ঐতিহ্য উপেক্ষা করে এ বছর ১ ফেব্রুয়ারির পরিবর্তে ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে দেশের লেখক, শিক্ষার্থী, পাঠক, সৃজনশীল প্রকাশক ও সংস্কৃতিকর্মীসহ সাধারণ মানুষ চরমভাবে ক্ষুব্ধ ও হতাশ হয়েছে বলে দাবি করে সংগঠনটি।

সংগ্রাম পরিষদের বক্তব্যে বলা হয়, একুশে বইমেলা এ দেশের মানুষের স্বাধীনতা, স্বাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা ও একুশের চেতনা ধারণ করে প্রতিবছর ১ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী অমর একুশে বইমেলা আয়োজনের একটি সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে।

দীর্ঘ ধারাবাহিকতায় অমর একুশে বইমেলা আজ আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃত ও মর্যাদাপূর্ণ একটি আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়াও সেই গুরুত্বেরই বহিঃপ্রকাশ। এমন প্রেক্ষাপটে ২০২৬ সালে নির্ধারিত সময়ে বইমেলা আয়োজন করতে না পারা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে গঠিত সরকারকেও প্রশ্নের মুখে ফেলছে বলে মন্তব্য করা হয়।

সংগ্রাম পরিষদের নেতারা বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে অমর একুশে বইমেলার গুরুত্ব অপরিসীম এবং এই ঐতিহ্য রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button