ব্যাবসা-বানিজ্য

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

বাংলাদেশ ব্যাংক নতুন নকশা ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংকনোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই নোট ৩ ফেব্রুয়ারি থেকে প্রচলনে আসবে।

‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক সিরিজের আওতায় কেন্দ্রীয় ব্যাংক ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকার নতুন নোট মুদ্রণ করছে। এর আগে ১০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন সংস্করণের নোট বাজারে ছাড়া হয়েছে। এবার সেই ধারাবাহিকতায় যুক্ত হচ্ছে নতুন ডিজাইনের ১০ টাকার নোট।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুরের স্বাক্ষরযুক্ত নোটটি প্রথমে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে অন্যান্য শাখা অফিস থেকেও সরবরাহ করা হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন নোট চালুর পরও বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা বৈধ থাকবে। সংগ্রাহকদের জন্য নিয়মিত নোটের পাশাপাশি ১০ টাকার বিশেষ “স্পেসিমেন” নোটও ছাপানো হয়েছে, যা লেনদেনে ব্যবহারযোগ্য নয়। আগ্রহীরা নির্ধারিত মূল্যে মিরপুরস্থ টাকা জাদুঘর বিভাগ থেকে এসব সংগ্রহ করতে পারবেন।

নতুন নোটটির দৈর্ঘ্য ১২৩ মিলিমিটার ও প্রস্থ ৬০ মিলিমিটার। সামনে বাম পাশে রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি, আর মাঝখানে পাতা ও কলিসহ ফুটন্ত শাপলার নকশা। পেছনের অংশে ব্যবহার করা হয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর চিত্র। পুরো নোটে গোলাপি রঙের প্রাধান্য রয়েছে।

নিরাপত্তা ব্যবস্থায় জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, নিচে ইলেকট্রোটাইপে ‘১০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম সংযোজন করা হয়েছে। সামনে ২ মিলিমিটার প্রশস্ত নিরাপত্তা সুতা রয়েছে, যাতে ‘$10 দশ টাকা’ লেখা—আলোর বিপরীতে ধরলে স্পষ্ট দেখা যায় এবং নাড়ালে রং লাল থেকে সবুজে পরিবর্তিত হয়।

এছাড়া গভর্নরের স্বাক্ষরের ডান পাশে ‘সি-থ্রু ইমেজ’ প্রযুক্তিতে একটি প্যাটার্ন রাখা হয়েছে, যা আলোয় ধরলে ‘১০’ সংখ্যা দৃশ্যমান হয়। সামনে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখার নিচে এবং পেছনের নির্দিষ্ট অংশে মাইক্রোপ্রিন্টিংও যুক্ত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button