স্থানীয়

সিলেটে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি হাওর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরে পোড়ার দাগ ও গলায় রশি প্যাঁচানো অবস্থায় পাওয়া যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মাঝামাঝি কোনারবন্দ হাওরে স্থানীয়রা প্রথমে মরদেহটি দেখতে পান। পরে জকিগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয়দের ভাষ্য, মরদেহের বিভিন্ন স্থানে পোড়ার চিহ্ন রয়েছে এবং গলায় রশি জড়ানো ছিল। ঘটনাস্থল থেকে একটি লবণের প্যাকেটও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তি মধ্যবয়সী পুরুষ বলে ধারণা করা হচ্ছে, তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা ময়নাতদন্ত ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button