অপরাধ

দাকোপে নির্বাচন প্রচারে গিয়ে স্বর্ণালংকার ছিনতাই ও হামলার অভিযোগ

খুলনার দাকোপ উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণায় গিয়ে নারী কর্মীদের ওপর হামলা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে দাকোপ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম থানায় লিখিত অভিযোগ করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার লক্ষ্মীখোলা এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে মাওলানা ইলিয়াস হোসাইন, মো. হরমুজ শেখ, আমানুল্লাহ, নাজমুল শেখ, ফয়জুল্লাহ শেখ ও সানা উল্লাহ শেখকে বিবাদী করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা আবু সাইদের পক্ষে হাতপাখা প্রতীকের লিফলেট বিতরণে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ১২–১৩ জন নারী কর্মী এলাকায় প্রচারণায় যান। এ সময় তারা বিবাদীদের একটি বাড়িতে গেলে তাদের ভেতরে বসতে দেওয়া হয়। পরে তাদের আটকে রেখে গালিগালাজ করা হয় এবং লাঠিসোঁটা দিয়ে মারধরের অভিযোগ তোলা হয়েছে।

এ ঘটনায় রোজিনা বেগমসহ কয়েকজন আহত হন বলে দাবি করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে রোজিনা বেগমের গলা, হাত ও কানে থাকা স্বর্ণালংকার এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

দাকোপ থানার ওসি আতিকুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বোরহান উদ্দিন মিঠু জানান, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button