খেলাধুলা

৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরকে সামনে রেখে বড় ঘোষণা দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। সরাসরি চুক্তিতে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৬ মৌসুমের জন্য তার পারিশ্রমিক ধরা হয়েছে ৬.৪৪ কোটি পাকিস্তানি রুপি, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।

এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের জার্সিতে খেলেছিলেন মুস্তাফিজ। দীর্ঘ বিরতির পর আবারও পুরনো দলে ফিরছেন তিনি। চুক্তির ঘোষণা দিতে গিয়ে দলটির মালিক সামিন রানা বলেন, “একবার কালান্দার, সবসময় কালান্দার। মুস্তাফিজ কেবল একজন ক্রিকেটার নন, তিনি আমাদের পরিবারের সদস্য। শিরোপা ধরে রাখার লড়াইয়ে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আগেই লাহোর কালান্দার্স স্কোয়াডে ধরে রেখেছে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি, ব্যাটার আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা এবং তরুণ প্রতিভা মোহাম্মদ নাইমকে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের টানাপড়েনেও আলোচনায় ছিলেন মুস্তাফিজ। গত মাসে কলকাতা নাইট রাইডার্স তাকে দল থেকে ছেড়ে দেয়। এর পর ভারত সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিতর্ক তৈরি হয়। পরে আইসিসির সিদ্ধান্তে টুর্নামেন্টের চূড়ান্ত তালিকায় পরিবর্তন আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button