

ময়মনসিংহের ভালুকা উপজেলায় রাহিমা খাতুন (৩৬) নামে এক গৃহবধূ হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের গাংগাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বামী বিল্লাল হোসেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মেয়ে সোমাইয়া আক্তারকে (১৭) পুলিশ হেফাজতে নিয়েছে।
স্থানীয়দের ধারণা, মেয়ের প্রেমের সম্পর্ক মেনে না নেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার রাতে রাহিমা খাতুন ও তার মেয়ে রাতের খাবার শেষে একই বাড়ির আলাদা কক্ষে ঘুমাতে যান। পরে মেয়েটি জানায়, রাতের মধ্যে একটি অস্বাভাবিক শব্দ শুনে পাশের কক্ষে গিয়ে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। আহত অবস্থায় তিনি ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে, পরে বারান্দায় তার মরদেহ পাওয়া যায়।
ঘটনার সময় রাহিমার স্বামী বিল্লাল হোসেন সিডস্টোর বাজারে ছিলেন। তিনি সেখানে লেপ-তোষকের ব্যবসা করেন।
ঘটনার রহস্য উদঘাটনে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত, ছবি ও তথ্য সংগ্রহ করেছে।



