

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টানা চার দিনের ছুটি ঘোষণার পর শিল্পাঞ্চল গাজীপুরের মহাসড়কে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। ফলে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে যানজট দেখা যায়। ঢাকা–ময়মনসিংহ সড়কে টঙ্গী কলেজ গেট থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত এবং গাজীপুরের ভোগড়া এলাকা থেকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলতে দেখা গেছে।
যানজটের সুযোগ নিয়ে অনেক পরিবহন স্বাভাবিক ভাড়ার কয়েকগুণ বেশি নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। যেখানে ভাড়া ৫০০ টাকা, সেখানে ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। এতে ক্ষুব্ধ যাত্রীরা গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও মাওনা এলাকায় কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় চার শতাধিক শিল্প-কারখানা ছুটি ঘোষণা করলে সন্ধ্যার পর থেকেই ঘরমুখী মানুষের চাপ বাড়তে থাকে। উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশপথ হিসেবে পরিচিত চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। রাতভর অপেক্ষার পর আজ সকাল থেকে অনেকেই বাস, ট্রাক ও পিকআপসহ বিভিন্ন যানবাহনে করে গন্তব্যের পথে রওনা হয়েছেন।
যানজট নিরসনে চন্দ্রা বাস টার্মিনাল, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। গাজীপুর নাওজোর হাইওয়ে থানার ওসি জানান, নির্বাচন উপলক্ষে কারখানা ছুটির কারণে সড়কে চাপ বেড়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়েও নজরদারি চলছে এবং প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।



