

চট্টগ্রাম নগরে ভোট দিতে এসে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন মনু মিয়া (৫৫) নামে এক বৃদ্ধ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কাজীর দেউড়ি এলাকার বাঘমনিরাম বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
মনু মিয়া চট্টগ্রাম–১৪ আসনের বাঘমনিরাম ওয়ার্ডের ব্যাটারি গলি এলাকার বাসিন্দা তেনু মিয়ার ছেলে। তাঁর বড় ছেলে শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ভোরেই ভোট দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রে আসেন মনু মিয়া। লাইনে দাঁড়িয়ে অপেক্ষার সময় হঠাৎ মাথা ঘুরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন ও স্বজনরা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা ফজলুর রহমান জানান, ভোট দিতে তিনি খুব আগ্রহ নিয়ে সকালে কেন্দ্রে এসেছিলেন। কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গরম বা শারীরিক দুর্বলতার কারণে তিনি স্ট্রোক করতে পারেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মনু মিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন, যা থেকে কোনো জটিলতা তৈরি হয়ে থাকতে পারে।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, এক ভোটার অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাঁর মৃত্যু হয়।



