

এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছেন ঢাকা–৮ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে তিনি সতর্ক করে বলেন, ভোটে কোনো ধরনের কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা–৮ আসনটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানার এলাকা নিয়ে গঠিত।
দুপুর ১২টার দিকে ওই কেন্দ্রেই নিজের ভোট দেন মির্জা আব্বাস। পরে সাংবাদিকদের তিনি বলেন, এখন পর্যন্ত কোথাও অনিয়মের কোনো দৃশ্যমান প্রমাণ পাওয়া যায়নি। ভোটগ্রহণ স্বাভাবিকভাবেই হচ্ছে। তবে কোনো ধরনের কারসাজির চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।
এদিকে একই আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।



