আইন ও বিচার

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

অনলাইন নিউজ ডেস্ক

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নাসির ও তামিমা আদালতে উপস্থিত ছিলেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগসমূহ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

এর আগে গত ৬ মে মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত রায়ের জন্য ১০ জুন দিন নির্ধারণ করেন। শুনানিকালে বাদীপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানালেও আসামিপক্ষ তাদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করে।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তামিমা ক্রিকেটার নাসির হোসাইনকে বিয়ে করেন। এ ঘটনায় তিনি মানসিক, সামাজিক ও পারিবারিক ক্ষতির শিকার হয়েছেন বলে দাবি করেন।

মামলাটির বিচারিক কার্যক্রমে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ প্রমাণে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মিকে খালাস দেন।

রায়ের মাধ্যমে পাঁচ বছরেরও বেশি সময় ধরে আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রমের সমাপ্তি ঘটল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button