

অনলাইন নিউজ ডেস্ক
বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে তাঁর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহারের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনুর রশিদ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট ও ডাটা কার্ড দেশের ক্রীড়াপ্রেমী এবং ডাকটিকিট সংগ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করবে।



