

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ফুল, কলম, পানি ও চকলেট উপহার দিয়ে বরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে টেন্ট স্থাপন করে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানায় শাবিপ্রবি শাখা ছাত্রদল। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন তথ্যগত সহায়তাও দেওয়া হয়।
শাবিপ্রবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সোহাগ মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি নবীন শিক্ষার্থীরা। তাদের বরণ করে নিতে এবং ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশের বার্তা পৌঁছে দিতে এ আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা চাই নবীনরা জ্ঞানচর্চা, মুক্তবুদ্ধি, গণতান্ত্রিক চেতনা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলুক।’
তিনি আরও বলেন, ‘ছাত্রদল বিশ্বাস করে নেতৃত্বের ভিত্তি হওয়া উচিত শিক্ষা, যুক্তি ও আদর্শ। ভয় বা নিপীড়ন নয়। শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রদল অতীতেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।’
শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান মোহন বলেন, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দেওয়া হচ্ছে। কেউ কোনো সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করতেও সংগঠনের নেতাকর্মীরা কাজ করছেন।
তিনি বলেন, ‘র্যাগিংয়ের বিরুদ্ধে ছাত্রদল জিরো টলারেন্স নীতিতে থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি আমরাও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।’
ছাত্রদলের নেতারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ নবীন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, আস্থা ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে সহায়ক হবে।



