সারাদেশ

বিশ্বকাপের মাঝেই র‍্যাঙ্কিংয়ে উত্থান ব্রাজিল-জার্মানির, শীর্ষে আর্জেন্টিনাই

ফিফা বিশ্বকাপ চলাকালেই প্রকাশিত হয়েছে সর্বশেষ বিশ্ব র‍্যাঙ্কিং। নতুন এই তালিকায় সুখবর পেয়েছে ব্রাজিল, মরক্কো, জার্মানি, কলম্বিয়া, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও জাপান। প্রথম ম্যাচ শেষে হিসাব কষে করা হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে এসব দলের অবস্থানের উন্নতি হয়েছে।

সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছে ফ্রান্স। ফলে কেপ ভার্দের সঙ্গে ড্র করা স্পেন এক ধাপ পিছিয়ে নেমে গেছে তিন নম্বরে।

ডিআর কঙ্গোর সঙ্গে পর্তুগালের ড্রয়ের কারণে র‍্যাঙ্কিংয়ে লাভবান হয়েছে ব্রাজিল ও মরক্কো। পর্তুগাল পাঁচ থেকে সাত নম্বরে নেমে যাওয়ায় ব্রাজিল উঠে এসেছে পাঁচে, আর মরক্কোর অবস্থান এখন ছয়ে। একইভাবে জার্মানি এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে, বেলজিয়াম নেমে গেছে দশে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডস যথাক্রমে চতুর্থ ও অষ্টম স্থান ধরে রেখেছে।

জুনের দ্বিতীয় সপ্তাহে শীর্ষস্থান দখল করা আর্জেন্টিনা এবারও এক নম্বরেই রয়েছে। বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে হারানোর পর লিওনেল মেসিদের পয়েন্ট বেড়ে হয়েছে ১৮৮৯.০৬। দুই নম্বরে থাকা ফ্রান্স তাদের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে।

উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে কলম্বিয়া উঠে এসেছে ১১ নম্বরে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানো মেক্সিকোর অবস্থান এখন ১৩। অন্যদিকে ইংল্যান্ডের কাছে হেরে তিন ধাপ পিছিয়ে ১৪ নম্বরে নেমে গেছে ক্রোয়েশিয়া।

প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্র দুই ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠেছে। জাপানও তাদের চমক অব্যাহত রেখে এক ধাপ উন্নতি করে ১৭ নম্বরে পৌঁছেছে। আর পর্তুগালের সঙ্গে ড্র করে তিন ধাপ এগিয়ে ৪৩ নম্বরে উঠে এসেছে ডিআর কঙ্গো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button