

অনলাইন নিউজ ডেস্ক
আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। তবে দিনটিকে ঘিরে ডিএমপি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এস এন নজরুল ইসলাম।
তিনি বলেন, ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এটিকে কেন্দ্র করে আমরা সতর্ক অবস্থানে আছি।
তিনি আরও বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে নিরাপত্তা চেকপোস্ট অব্যাহত রয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।
সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে ‘কাইল্লা ফারুক’ নামের এক আসামিকে গ্রেপ্তার করে জনসম্মুখে ঘুরিয়েছিল পুলিশ। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে আবারও চাঁদাবাজি করছে।
সাংবাদিকদের এ সংক্লান্ত প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম বলেন, জামিনের বিষয়টি আদালতের বিষয়। তারা কাকে শাস্তি দিবে কি দিবে না, এটা আদালতের বিষয়। কিন্তু আমরা আমাদের কাজটি করে যাব। সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ পাব, আমরা গ্রেপ্তার করব, তাদের নিয়ে তথ্য সংগ্রহ করব এবং আদালতে প্রেরণ করব।



