

অনলাইন নিউজ ডেস্ক
শেষ দুই ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩৪ রান। তবে ১৯তম ওভারে মাত্র ১১ রান তুলতে পারায় ম্যাচটি কঠিন হয়ে যায় স্বাগতিকদের জন্য। শেষ ওভারে দরকার ছিল ২৩ রান। দুই বাউন্ডারিতে ১৫ রান এলেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি তাওহিদ হৃদয় ও আব্দুল গাফফার সাকলাইন। ফলে ৭ রানের হারে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ।
চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন ম্যাট রেনশো। জবাবে বাংলাদেশ ৬ উইকেটে ১৮৯ রান তুললেও জয় অধরাই থেকে যায়।
বড় লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু করেছিলেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। উদ্বোধনী জুটিতে আসে ৪৮ রান। তামিম ১৫ বলে ৩০ রান করে আউট হলেও সাইফ ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে লড়াইয়ে ছিল বাংলাদেশ। ইমন ৩৬ ও সাইফ ৪২ রান করেন।
তবে মধ্য ও নিম্নক্রমে ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা। শেষদিকে তাওহিদ হৃদয়ের ৩৫ রানের ইনিংস হারের ব্যবধানই শুধু কমিয়েছে।
এর আগে অস্ট্রেলিয়ার ইনিংসে শুরুতে ধাক্কা দিলেও বড় জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সফরকারীরা। ৪৪ রানে ৩ উইকেট হারানোর পর ম্যাট রেনশো ও টিম ডেভিডের ৯৭ রানের জুটিতে বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ডেভিড ৪৫ রান করলেও রেনশো ৮৯ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ২টি উইকেট নেন। এছাড়া নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট শিকার করেন।



