জাতীয়

তিস্তা মহাপরিকল্পনা গোটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ও ড্রেজিং কার্যক্রম বাস্তবায়ন করা গেলে তিস্তাপাড়ের মানুষকে নদীভাঙন ও বন্যার দুর্ভোগ থেকে রক্ষা করা সম্ভব হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ শুরু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে অবসর রেস্ট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভারতের গজলডোবা ব্যারাজ থেকে নেমে আসা পানির প্রবল স্রোতের কারণে তিস্তার তীরবর্তী এলাকায় ব্যাপক নদীভাঙন দেখা দিচ্ছে। একই সঙ্গে অতিরিক্ত পানিপ্রবাহের কারণে নদীসংলগ্ন এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিকল্পিত ড্রেজিং ও টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, তিস্তাপাড়ের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তিস্তা মহাপরিকল্পনা এখন সময়ের দাবি। এটি শুধু উত্তরাঞ্চলের জন্য নয়, পুরো দেশের জন্যই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আলোকে কারিগরি দলের সদস্যদের নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করা হচ্ছে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “তিস্তা শুধু উত্তরাঞ্চলের মানুষের দুঃখ নয়, এটি সমগ্র বাংলাদেশের সমস্যা। প্রকল্পের কাজ সম্পন্ন হতে কয়েক বছর সময় লাগতে পারে। তবে বাস্তবায়ন হলে এর সুফল জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী হবে এবং তিস্তাপাড়ের পাঁচ জেলার দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই দূর হবে।”

তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও একাধিক বৈঠকের প্রয়োজন রয়েছে। পদ্মা ব্যারাজ প্রকল্পের মতো এটিও একনেক সভায় উপস্থাপন করা হবে।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button