

অনলাইন নিউজ ডেস্ক
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার আলোচিত তিন ইউনিয়ন—‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’-এর নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বগুড়ার জেলা প্রশাসককে চিঠি পাঠানো হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো চিঠিতে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে ইউনিয়নগুলোর নাম পুনর্নির্ধারণের জন্য নতুন করে গণশুনানির নির্দেশ দেওয়া হয়। এর আগে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান টেলিফোনে জেলা প্রশাসককে একই বিষয়ে নির্দেশনা দেন।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারের স্বাক্ষরিত চিঠি পাওয়ার পর জেলা প্রশাসন নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেছে। নতুন নাম চূড়ান্ত হওয়ার পর তা যথাযথ প্রক্রিয়ায় গেজেট আকারে প্রকাশ করা হবে।
জানা গেছে, ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে সমালোচনার সৃষ্টি হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। অভিযোগ ওঠে, ‘মীরবাড়ী’ নামটি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নামের সঙ্গে মিল রয়েছে। একইভাবে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম দুটি তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলে যায়।
সমালোচনার মুখে প্রতিমন্ত্রী নিজেও বিব্রত বোধ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নামকরণ নিয়ে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপপ্রচারের সুযোগ এড়াতে তিনি ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।
এর আগে ১১ জুন জেলা প্রশাসনের প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। শিবগঞ্জে ‘মীরবাড়ী’ এবং মোকামতলায় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামে ইউনিয়ন গঠন করা হয়। এর মধ্যে প্রথম তিনটি ইউনিয়নের নাম নিয়েই বিতর্কের সূত্রপাত হয়।
পরে বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপিত হয়। জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন গণশুনানি এবং স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে ইউনিয়নগুলোর নাম নির্ধারণ করেছে। তিনি দাবি করেন, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম দুটি সংশ্লিষ্ট এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় রাখা হয়েছে এবং তার সন্তানদের নামের সঙ্গে মিল হওয়া কেবলই কাকতালীয়।



