জাতীয়

‘মাদক ব্যবসায়ী ধরব, না হয় চাকরি ছাড়ব’

অনলাইন নিউজ ডেস্ক

কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান মাদকবিরোধী অবস্থানে কঠোর বার্তা দিয়ে বলেছেন, ‘মাদক কারবারিদের গ্রেপ্তার করব, না হলে চাকরি ছেড়ে দেব।’ তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন।

শনিবার (২০ জুন) রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

সমাবেশে পুলিশ সুপার বলেন, জনগণের অংশগ্রহণ দেখে তিনি উপলব্ধি করেছেন যে সমাজ এখন মাদকের বিরুদ্ধে ক্রমেই আরও সচেতন ও সোচ্চার হয়ে উঠছে। তিনি অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশ থেকে আসা মাদক দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

তিনি জানান, সম্প্রতি কুমিল্লায় এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, মাদক জব্দ করা পুলিশের মূল দায়িত্বের মধ্যে না থাকলেও সরকারের নির্দেশনায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তার দাবি, গত মাসে মাদক উদ্ধারে কুমিল্লা জেলা সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

সমাবেশে ‘মিলন’ নামে এক অভিযুক্ত মাদক কারবারির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই ব্যক্তিকে কারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, সে বিষয়ে পুলিশের কাছে পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে। বিজয়পুর ইউনিয়নে কোনোভাবেই মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

পুলিশ সুপার বলেন, নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। তবে মাদকবিরোধী অভিযানে পুলিশের কাজে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘মাদক কারবারি মিলন যেখানেই থাকুক, তাকে গ্রেপ্তার করা হবে। তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে আমি চাকরি ছেড়ে দেব।’

সমাবেশে সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মো. ফেরদৌস, সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাহিদ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, বিজয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button