জাতীয়

এমপি পুত্রকে তুলে নিলো ডিবি বহিস্কার করল যুবদল

অনলাইন নিউজ ডেস্ক

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় সংগঠন বহন করবে না। পাশাপাশি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে একই দিন সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য খায়রুল ইসলাম সজীবকে নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে আনা হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, সজীবের বিরুদ্ধে কয়েকজন ব্যক্তি চাঁদাবাজির অভিযোগ করেছেন। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ভুক্তভোগীরা মামলা করতে পারবেন। আর অভিযোগের সত্যতা না মিললে তাকে ছেড়ে দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button