

অনলাইন নিউজ ডেস্ক
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
মঙ্গলবার (২৩ জুন) সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সম্প্রতি তিনি ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন, যেখানে একটি চেয়ার দেখেছেন বলে উল্লেখ করেন। তার দাবি, ওই চেয়ারে বিরোধী দলের নেতাদের ওপর নির্যাতন চালানো হতো। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে একই চেয়ারে বসিয়ে শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।
বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে রেহানা আক্তার রানু বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে সরকারকে সহযোগিতা করা উচিত। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, কোনো কারণে যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসেন, তাহলে বিরোধী মতাবলম্বীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হতে পারে।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর ছাড় দেওয়ায় বাজারে কিছুটা স্বস্তি এসেছে। তবে ব্যবসায়ীরা একবার মূল্য বাড়ালে তা কমাতে অনীহা দেখান বলে অভিযোগ করে বাজার তদারকি আরও জোরদারের দাবি জানান তিনি।
এছাড়া ব্যাংক খাত থেকে অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন রেহানা আক্তার রানু। পাচারকারীদের সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনারও আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষদিকে তিনি জুলাইয়ের আন্দোলনে ফেনীতে নিহত ১১ জনের পরিবারের বিচার না পাওয়ার বিষয়টি তুলে ধরে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ফেনীতে একটি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, গ্যাস সংযোগ প্রদান এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের দাবি সংসদে উপস্থাপন করেন।



