

অনলাইন নিউজ ডেস্ক
গোলখরা, একাদশে জায়গা হারানোর গুঞ্জন—সবকিছুর জবাব মাঠেই দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে দলকে ৫-০ ব্যবধানে দুর্দান্ত জয় এনে দেওয়ার পাশাপাশি গড়লেন একাধিক রেকর্ড।
মঙ্গলবার হিউস্টনে অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। ম্যাচের ষষ্ঠ মিনিটে জোয়াও কানসেলোর ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এই গোলের মাধ্যমে তিনি টানা ছয়টি বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লেখান।
১৭তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন নুনো মেন্দেস। এরপর ৩৯তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ ১০ গোলের নতুন রেকর্ড গড়েন তিনি, পেছনে ফেলেন কিংবদন্তি ইউসেবিওকে।
বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে পর্তুগাল। ৬০তম মিনিটে কর্নার থেকে সৃষ্ট সুযোগে আত্মঘাতী গোলে ব্যবধান ৪-০ হয়। ম্যাচের ৮৭তম মিনিটে বদলি হিসেবে নেমে গোল করেন রাফায়েল লিও। তাতেই ৫-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় পর্তুগালের।
ম্যাচে জোড়া গোলের সুবাদে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪৫-এ। একই সঙ্গে বিশ্বকাপে তার মোট গোল এখন ১০টি।
এই জয়ে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেল পর্তুগাল।



