

অনলাইন নিউজ ডেস্ক
ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, শান্তিপূর্ণ কর্মসূচি শেষ হওয়ার পর কিছু ‘অতি-উৎসাহী ব্যক্তি’ বা ‘বহিরাগতদের উসকানিতে’ এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) এক বিবৃতিতে এ কথা জানান জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি বলেন, ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় একটি রাজনৈতিক কর্মসূচি চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা অনভিপ্রেত ও দুঃখজনক। এ ঘটনায় দলটির পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হচ্ছে।
তিনি জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ধারণা করা হচ্ছে যে, কর্মসূচি শেষ হওয়ার পর কিছু অতি-উৎসাহী ব্যক্তি বা বহিরাগতদের উসকানিতে পরিস্থিতির অবনতি ঘটে। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা উগ্র আচরণকে জামায়াতে ইসলামী কখনোই সমর্থন করে না।
গণমাধ্যমের স্বাধীনতার প্রতি দলের অবস্থান পুনর্ব্যক্ত করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলা বা সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঘটনার সঙ্গে দলের কোনো কর্মীর সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মহানগরী দক্ষিণ জামায়াতের ধানমন্ডি জোন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নবি মানিককে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামীকালের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দল সতর্ক থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।



