খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালে ট্রফি তুলে দেবেন ট্রাম্প, জানালেন ইনফান্তিনো

অনলাইন নিউজ ডেস্ক

চলতি ফুটবল বিশ্বকাপের ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেলিভিশন অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, বিশ্বকাপের ফাইনাল উপভোগের পাশাপাশি ট্রাম্পের সঙ্গে মিলে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেওয়া হবে।

আগামী ১৯ জুলাই নিউ জার্সির স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের ফিফা বিশ্বকাপের ফাইনাল। ট্রফি প্রদান অনুষ্ঠানে ট্রাম্পের উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ইনফান্তিনো বলেন, “অবশ্যই। আমরা সব সময়ই একসঙ্গে থাকি।”

এর আগে গত বছরের ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন ট্রাম্প। ওই ম্যাচে প্যারিস সেন্ট-জার্মেইকে (পিএসজি) ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল চেলসি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চেও দেখা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে।

পরবর্তীতে ক্লাব বিশ্বকাপের ট্রফিটি হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রদর্শিত হওয়ার বিষয়টি আলোচনায় আসে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, চেলসি মূল ট্রফির পরিবর্তে একটি প্রতিরূপ (রেপ্লিকা) পেয়েছিল।

এদিকে, বিশ্বকাপ চলাকালে যত বেশি সম্ভব ম্যাচে উপস্থিত থাকার চেষ্টা করছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে টুর্নামেন্টের এখন পর্যন্ত কোনো ম্যাচে ট্রাম্পকে দেখা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button