

অনলাইন নিউজ ডেস্ক
ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর সমালোচনার মুখে পড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচটিতে নিজের স্বাভাবিক ছন্দে দেখা যায়নি পর্তুগাল অধিনায়ককে। এমনকি সতীর্থদের সঙ্গে তার সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সমালোচনার জবাব তিনি দিয়েছেন মাঠেই।
হিউস্টনে উজবেকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক প্রদর্শনী উপহার দেয় পর্তুগাল। ৫-০ গোলের বড় জয়ে জোড়া গোল করেন রোনালদো। সতীর্থদের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে দুইবার প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। আক্রমণের পাশাপাশি রক্ষণেও দায়িত্বশীল ভূমিকা পালন করেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।
এই ম্যাচে গোল করে বিশ্বকাপ ইতিহাসে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করেন রোনালদো, যা তাকে পর্তুগালের সর্বোচ্চ বিশ্বকাপ গোলদাতার আসনে বসিয়েছে। এর আগে তিনি প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তিও গড়েন।
ম্যাচ শেষে উচ্ছ্বাস লুকাননি রোনালদো। তিনি বলেন, “আমি খুবই আনন্দিত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের পরিশ্রম এবং আত্মবিশ্বাস। দল আজ অসাধারণ খেলেছে এবং অনেক উন্নতি করেছে। যেমন বলা হয়, প্রতিটি মেঘের আড়ালেই রুপালি রেখা থাকে।”
ব্যক্তিগত অর্জনের প্রসঙ্গে রোনালদো বলেন, “রেকর্ড গড়তে অবশ্যই ভালো লাগে। কিন্তু আমার প্রধান লক্ষ্য সবসময় জাতীয় দলের সাফল্যে অবদান রাখা।”
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমরা আবারও ছন্দে ফিরেছি। টুর্নামেন্টে এখনও লড়াইয়ে আছি।”
দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেসও। তিনি বলেন, “ড্রেসিংরুমে আমরা ঠিক এমন প্রতিক্রিয়াই আশা করেছিলাম। কখনো কখনো টুর্নামেন্টে এগিয়ে যেতে প্রথম ম্যাচের মতো কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। আজ আমরা একই মানসিকতা ও প্রতিজ্ঞাবদ্ধ একটি দলকে দেখেছি, তবে তারা ছিল আরও বেশি পরিণত ও আত্মবিশ্বাসী।”



