

অনলাইন নিউজ ডেস্ক
নেইমারকে শুরুর একাদশে না রেখেই স্কটল্যান্ডের বিপক্ষে দল সাজিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের আগে কোচ কার্লো আনচেলত্তি ইঙ্গিত দিয়েছিলেন যে দীর্ঘদিন পর মাঠে ফেরার পথে থাকা নেইমার জুনিয়র এই ম্যাচে খেলতে পারেন। তবে তিনি শুরু থেকেই নামবেন নাকি বদলি হিসেবে মাঠে নামানো হবে, সে বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি। শেষ পর্যন্ত ঘোষিত একাদশে নেইমারের নাম নেই।
এর আগে জানা গিয়েছিল, চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না তারকা উইঙ্গার রাফিনিয়া। হাইতির বিপক্ষে সর্বশেষ ম্যাচে ইনজুরিতে পড়া এই ফরোয়ার্ডের জায়গায় সুযোগ পেয়েছেন তরুণ রায়ান। এটিই ব্রাজিল একাদশের একমাত্র পরিবর্তন।
যদিও শুরুর দলে নেইমার নেই, তিনি স্কোয়াডে আছেন এবং ম্যাচের কোনো পর্যায়ে বদলি হিসেবে মাঠে নামার সম্ভাবনা রয়েছে।
মায়ামির স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। কাগজে-কলমে ম্যাচটি সহজ মনে হলেও গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে এর গুরুত্ব অনেক। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলে নকআউট পর্বে আরও কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হতে পারে সেলেসাওদের।
ম্যাচের আগে নেইমারের ফিটনেস নিয়ে আশাবাদী ছিলেন আনচেলত্তি। তিনি বলেন, নেইমার পুরোপুরি খেলার জন্য প্রস্তুত এবং অনুশীলনেও দারুণ ছন্দে ছিলেন। তার মতো অভিজ্ঞ ও মানসম্পন্ন একজন খেলোয়াড়ের দলে ফেরা ব্রাজিলের জন্য বড় স্বস্তির বিষয়। মাঠে খেলুক বা বেঞ্চে থাকুক, তার উপস্থিতি তরুণ ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়াবে বলেও মন্তব্য করেন ইতালিয়ান এই কোচ।
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের একাদশ:
অ্যালিসন বেকার; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গুইমারায়েস, লুকাস পাকেতা; রায়ান, ম্যাথিউস কুনহা, ভিনিসিয়ুস জুনিয়র।



