

বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় বিকেল ৫টায় শুরু হওয়া এ বৈঠক শেষে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাবিষয়ক ১৫টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মুখপাত্র মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে জানান, চীনা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এই সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশের ভূ-রাজনৈতিক ও কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করা, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি এগিয়ে নেওয়া, চীনা বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ। পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্যসহ জনকল্যাণমূলক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এছাড়া আগামীকাল স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মাহদী আমিন বলেন, উভয় বৈঠকেই বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী। এসব আলোচনা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার চীনের পানিসম্পদমন্ত্রী লি গুয়োয়িংয়ের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিস্তা মহাপরিকল্পনাসহ নদী ব্যবস্থাপনা, বন্যা মোকাবিলা, নদী খনন, নদীভাঙন রোধ, সেচব্যবস্থা ও নৌ-নেভিগেশন উন্নয়নে সহযোগিতা জোরদারের বিষয়ে দুই পক্ষ একমত হয়। গবেষণা, প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতেও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে চীন।


