

অনলাইন নিউজ ডেস্ক
অনেকে একসময় রিকশায় চলাফেরা করলেও এখন বিলাসবহুল প্রাডো গাড়িতে চড়ে ‘জুলাই চেতনা’ বিক্রি করছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান।
বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আক্তারুজ্জামান বলেন, জুলাই আন্দোলন বা ‘জুলাইযুদ্ধ’ কোনো বেচাকেনার বিষয় নয়; এটি ধারণ ও লালন করার বিষয়। তিনি দাবি করেন, সংসদে উপস্থিত অনেক সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন। তবে কিছু ব্যক্তি এ আন্দোলনের চেতনাকে নিজেদের স্বার্থে ব্যবহার করছেন।
তিনি বলেন, যারা জুলাই চেতনার কথা বলে নিজেদের অবস্থানের পরিবর্তন ঘটিয়েছেন, তারা আগে কীভাবে চলাফেরা করতেন আর এখন কীভাবে জীবনযাপন করছেন, সেটি জনগণের সামনে তুলে ধরা উচিত। তাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মাঝে মধ্যে লাইভে এসে আগের ও বর্তমান অবস্থার তুলনামূলক চিত্র জাতির সামনে তুলে ধরা যেতে পারে।
প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো এবং সামাজিক সুরক্ষা খাতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। বিশেষ করে সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কর ছাড়সহ বিভিন্ন সুবিধার মাধ্যমে বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে আক্তারুজ্জামান বলেন, দেশের জন্য সঠিক ও দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন—উভয় ইতিহাসকেই সমান গুরুত্ব দিয়ে ধারণ করার আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যেমন জাতির চেতনার অংশ, তেমনি জুলাই আন্দোলনের স্মৃতিও নতুন প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ। একটিকে প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যটিকে খাটো করার কোনো সুযোগ নেই।



