সারাদেশ

হুতিদের বিরুদ্ধে নতুন অভিযানের প্রস্তুতি জোরদার করছে ইসরায়েল

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর প্রস্তুতি জোরদার করছে ইসরায়েল। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্ভাব্য নতুন অভিযানের পরিকল্পনা হালনাগাদ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একই সঙ্গে হুতি নেতৃত্বকে সরাসরি লক্ষ্যবস্তু করার হুমকিও দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১৪-এর প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন ফ্রন্টে আবারও সংঘাত তীব্র হওয়ার আশঙ্কায় হুতিদের বিরুদ্ধে সামরিক পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। রাজনৈতিক সিদ্ধান্ত পেলেই নতুন অভিযান শুরু করা হতে পারে।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ‘হুতিদের সঙ্গে হিসাব এখনো বাকি রয়েছে।’ তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল ও এ অঞ্চলে দেশটির স্বার্থের বিরুদ্ধে হামলার জন্য হুতিদের ‘চড়া মূল্য’ দিতে হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ দিক থেকে আসা সম্ভাব্য হুমকি মোকাবিলায় সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো। পাশাপাশি জ্যেষ্ঠ হুতি নেতাদের সরাসরি লক্ষ্যবস্তু করার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

লোহিত সাগর অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যেই এই প্রস্তুতির খবর সামনে এলো। এর আগে হুতিরা ইসরায়েল এবং গুরুত্বপূর্ণ নৌপথ লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করে। একই সঙ্গে তারা ঘোষণা দেয়, গাজা, ইরান ও লেবাননে হামলা অব্যাহত থাকলে তাদের সামরিক অভিযানও চলবে।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button