ছাত্রদল নেতার নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ, আইনি ব্যবস্থার ঘোষণা
সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ এর ভাই পরিচয় দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’; বিভ্রান্ত না হওয়ার আহ্বান জেলা ও মহানগর নেতাদের


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ এর নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিলেট জেলা শাখা।
বুধবার (২৫ জুন) সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জালাল আহমদীন রাহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে এক ব্যক্তি নিজেকে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ এর ভাই হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। তবে ওই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
ছাত্রদল জানায়, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে সুদীপ জ্যোতি এমের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণের কার্যক্রমও শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি ছাত্রদলের সাংগঠনিক পরিচয় কিংবা দলের কোনো নেতার নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্টদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার অথবা জেলা ও মহানগর ছাত্রদলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
এ বিষয়ে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ জুবের, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান সবার সহযোগিতা কামনা করেছেন।


