
অনলাইন নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেছেন, কিছু গণমাধ্যম পরিকল্পিতভাবে দলটির ভাবমর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
রোববার (২৮ জুন) এক বিবৃতিতে তিনি দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনের বিরুদ্ধে “সিন্ডিকেটেড সংবাদ” প্রচারের অভিযোগ তোলেন।
বিবৃতিতে তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিত ও যোগসাজশমূলক সংবাদ প্রচারের মাধ্যমে জামায়াতে ইসলামীর অর্জিত সুনাম ক্ষুণ্ন করা সম্ভব নয়। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী একটি সাংবিধানিক কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে দলটি জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানবিক বাংলাদেশ গঠনে ভূমিকা রেখে আসছে এবং বিভিন্ন জাতীয় সংকটকালেও নেতাকর্মীরা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
এডভোকেট জুবায়ের বলেন, অতীতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতের ভূমিকা ছিল ইতিবাচক। তিনি দলটির নির্বাচিত জনপ্রতিনিধিদের সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার উদাহরণ হিসেবে তুলে ধরেন এবং স্থানীয় সরকার পর্যায়েও তাদের কার্যক্রমকে জনবান্ধব বলে দাবি করেন।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, অতীতে জামায়াতের দুইজন মন্ত্রী তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন এবং তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি বলে দাবি করেন।
তিনি অতীত রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বলেন, দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের জন্য বিভিন্ন রাজনৈতিক শক্তিকে দায়ী করা হয়ে থাকে, যা জনগণের স্মৃতিতে স্পষ্ট রয়েছে।
সবশেষে তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন “বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ” পরিবেশন করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে—এমন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকে।



