খেলাধুলা

মহানাটকীয় টাইব্রেকারে জিতে মাঠেই সিজদায় লুটিয়ে পড়লেন মরক্কোর ফুটবলাররা।

অনলাইন নিউজ ডেস্ক

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও জমে ওঠে মরক্কো-নেদারল্যান্ডসের লড়াই। স্নায়ুচাপের এই পরীক্ষায় দুই দলই একের পর এক পেনাল্টি মিস করে নাটকীয়তার জন্ম দেয়। শেষ পর্যন্ত পাঁচটি করে শট নেওয়ার পর ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলো নিশ্চিত করে মরক্কো।

পেনাল্টি শুটআউটে ছিল পাঁচটি মিস, মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোর দুর্দান্ত এক সেভ এবং বার্ট ভারব্রুগেনের একটি স্পর্শ, যার পরও বল গোললাইন অতিক্রম করে। ৯০ মিনিটের নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে স্কোর ছিল ১-১। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

শুটআউটে প্রথমেই নেদারল্যান্ডসের টিউন কুপমেইনার্স গোল করেন। তবে মরক্কোর নেইল এল আয়নাউয়ি নিজের প্রথম শট মিস করেন। এরপর ডাচ ফরোয়ার্ড জাস্টিন ক্লাইভার্টও সুযোগ নষ্ট করলে সুফিয়ান রাহিমি গোল করে সমতায় ফেরান মরক্কোকে। নেদারল্যান্ডসের হয়ে তৃতীয় শটে গোল করেন ভাউট ভেগহোর্স্ট। জবাবে শেমসদিন তালবি আবারও সমতা ফেরান। এরপর ডাচদের কুইন্টেন টিম্বার্স শট বাইরে মারলে ম্যাচে নতুন মোড় আসে।

মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমির শট ঘিরে তৈরি হয় নাটকীয়তা। এরপর নেদারল্যান্ডসের সামারভিলের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন বুনো। শেষ পর্যন্ত পঞ্চম শটে ইসমাইল সাইবারি আর কোনো ভুল করেননি। তাঁর সফল শটেই নিশ্চিত হয় মরক্কোর জয়। গোলের পর জার্সি খুলে সতীর্থদের সঙ্গে উল্লাসে মেতে ওঠেন বুনো।

ম্যাচের প্রথম ৭২ মিনিট গোলশূন্য ছিল। এরপর কোডি গাকপো গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন। তবে যোগ করা সময়ের ৯১ মিনিটে ইসা দিয়োপ গোল করে মরক্কোকে সমতায় ফেরান এবং ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

এই ম্যাচ টাইব্রেকার পর্যন্ত গড়ানোর পেছনে বড় অবদান ছিল ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের। অতিরিক্ত সময়ের ৯৬ মিনিটে তিনি সুফিয়ান রাহিমির কাছ থেকে প্রায় নিশ্চিত একটি গোল অসাধারণ দক্ষতায় রুখে দেন। সেই সেভ না হলে টাইব্রেকারের আগেই জয় উদ্‌যাপন করতে পারত মরক্কো।

পরিসংখ্যানেও ছিল মরক্কোর আধিপত্য। তারা বলের দখল রাখে ৬৮ শতাংশ সময়, ১১টি শটের মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে নেদারল্যান্ডস ৬টি শট নিয়ে মাত্র ২টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

রোমাঞ্চকর এই জয়ের ফলে আগামী ৪ জুলাই শেষ ষোলোতে কানাডার মুখোমুখি হবে মরক্কো। অন্যদিকে প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে নেদারল্যান্ডসকে অপেক্ষা করতে হবে পরবর্তী আসর পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button