সারাদেশ

১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) কুমিল্লার পুলিশ সুপার আসাদুজ্জামানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সূত্রের দাবি, দাউদকান্দি মডেল থানার দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে জব্দ করা ১৬০ কেজি গাঁজা বিক্রির অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় বিষয়টি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এর পরদিন দাউদকান্দি মডেল থানার ওসি মো. আবদুল বারীকে প্রত্যাহার করে কুমিল্লা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন আবদুল বারী। তাঁর দাবি, ব্যক্তিগত বিদ্বেষের জেরে একটি পত্রিকায় তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং সেই প্রতিবেদনের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন বলেও জানান।

দাউদকান্দি মডেল থানায় জব্দ করা গাঁজা বিক্রির মতো কোনো ঘটনা ঘটেনি দাবি করে আবদুল বারী বলেন, অভিযোগ প্রমাণিত হলে তিনি চাকরি ছেড়ে দিতেও প্রস্তুত। তবে মিথ্যা অপবাদ নিয়ে কর্মস্থল ছাড়তে চান না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button