আন্তর্জাতিক

পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান

অনলাইন নিউজ ডেস্ক

আফগানিস্তান থেকে ছোড়া চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। অন্যদিকে আফগানিস্তান জানিয়েছে, পাকিস্তারের অভ্যন্তরে কথিত আইএস (দায়েশ) ঘাঁটিতে তারা সফল বিমান হামলা চালিয়েছে। বুধবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর পাঠানো চারটি সাধারণ ধরনের ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করে। ইসলামাবাদের দাবি, আফগান ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার অংশ হিসেবে এসব ড্রোন পাঠানো হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, আফগান তালেবান যদি পাকিস্তানের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখে, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে এবং এর পরিণতি তাদের বহন করতে হবে।

অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমুখপাত্র সিদ্দিকুল্লাহ নুসরাত দাবি করেন, আফগান বিমান বাহিনী পাকিস্তারের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে কথিত দায়েশের ঘাঁটিতে নির্ভুল বিমান হামলা চালিয়েছে। এতে জঙ্গি সংগঠনটির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য নিহত এবং তাদের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নুসরাত বলেন, হামলাগুলো অত্যন্ত নিখুঁতভাবে পরিচালিত হয়েছে এবং এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি।

সম্প্রতি করাচির একটি নিরাপত্তা স্থাপনায় জঙ্গি হামলার পর পাকিস্তান আফগানিস্তানের ভেতরে কথিত সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা চালায়। এরপর থেকেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে একাধিক জঙ্গি হামলার ঘটনায় দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালায়। তবে কাবুল বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button