জাতীয়

নামকাওয়াস্তে জুলাই পালন করলে হবে না: নাহিদ ইসলাম

অনলাইন নিউজ ডেস্ক

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেবল আনুষ্ঠানিকভাবে জুলাই পালন করলেই হবে না; জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো গড়ে ওঠেনি। তাঁর দাবি, আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের এখনো ন্যায়বিচার নিশ্চিত হয়নি এবং বিচারপ্রক্রিয়াও প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না।

বুধবার (১ জুলাই) সকালে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিনে ঢাকার রায়েরবাজারে জুলাই আন্দোলনে নিহতদের গণকবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জুলাই-সংশ্লিষ্ট মাত্র দুটি মামলার রায় হয়েছে। বিচারকাজে ধীরগতি রয়েছে উল্লেখ করে তিনি দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান জানান।

তিনি জুলাই আন্দোলনে নিহতদের কবরস্থান সংরক্ষণ, আহত ও অংশগ্রহণকারীদের পুনর্বাসন, জুলাই সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্র কাঠামোর সংস্কারের দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, আজ থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে ‘জুলাই’কে কেন্দ্র করে এনসিপির ৩৬ দিনের কর্মসূচি চলবে।

জুলাই জাতীয় জাদুঘর দ্রুত চালুর দাবিও জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ৫ আগস্টের মধ্যে জাদুঘর উদ্বোধন না হলে জনগণই সেটি খুলে দেবে। পাশাপাশি সরকারকে জুলাইয়ের চেতনার প্রতি তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ড প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এই সাজা যথেষ্ট নয়। তিনি আশা প্রকাশ করেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

এ ছাড়া জুলাই আন্দোলন-সংক্রান্ত মামলাগুলোর বিচার দ্রুত শেষ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা উচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button