

অনলাইন নিউজ ডেস্ক
দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের প্রস্তাবসহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আজ (বুধবার) জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভা অনুষ্ঠিত হবে।
সভাটি বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উপস্থাপিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত প্রস্তাবগুলো নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
সভাসূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে পুনর্বিন্যাস করে উত্তরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব উপস্থাপন করবে।
এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ নামে নতুন একটি থানা প্রতিষ্ঠার প্রস্তাব নিকার সভায় উত্থাপন করবে।
এ ছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত একটি প্রস্তাবও সভার আলোচ্যসূচিতে রয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
নিকার সভায় উপস্থাপিত ছয়টি প্রস্তাবের বিষয়ে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।



