

অনলাইন নিউজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তির অবশিষ্ট অংশ এখনো সক্রিয় রয়েছে। তাদের প্রতিহত করতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আদর্শকে জীবন্ত রাখার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১ জুলাই) রাত ১২টায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “পরাজিত ফ্যাসিস্টদের অবশিষ্ট অংশ এখনো সক্রিয়। তাদের প্রতিহত করতে হলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বাঁচিয়ে রাখতে হবে।” একই সঙ্গে তিনি অন্যায়, নিপীড়ন ও স্বৈরাচারের বিরুদ্ধে ভবিষ্যতেও ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ছাত্রদলের দীর্ঘদিনের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভবিষ্যতেও ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
কর্মসূচিতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, জুলাইয়ের আদর্শ ধারণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভবিষ্যতের পথচলা অব্যাহত রাখবে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, শহীদদের আত্মত্যাগকে শক্তিতে রূপান্তর করে তাদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি শহীদদের স্মরণকে শুধু নির্দিষ্ট দিন বা মাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেন উপস্থিত নেতাকর্মীরা।



