

অনলাইন নিউজ ডেস্ক
মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পচা ডিম ও ছত্রাকযুক্ত পাউরুটি সরবরাহের অভিযোগ উঠেছে। বুধবার (১ জুলাই) সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
জানা গেছে, প্রকল্পের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘সুশীলন’ দীর্ঘদিন ধরে নিম্নমানের খাদ্যসামগ্রী সরবরাহ করে আসছে। তবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
গাংনী উপজেলার ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ হাজার ৩৪৭ জন শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিং কর্মসূচির আওতায় পাউরুটি, কলা, ডিম, দুধ ও বিস্কুট বিতরণ করা হয়। যদিও এই কর্মসূচির ফলে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে, সাম্প্রতিক সময়ে সরবরাহকৃত খাবারের মান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, কিছু ডিম পচা এবং পাউরুটিতে ছত্রাক রয়েছে। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তানিয়া জানায়, তার পাওয়া ডিমটি পচা ছিল এবং তা থেকে দুর্গন্ধযুক্ত তরল বের হচ্ছিল। পাউরুটিতেও ছত্রাক থাকায় সেটি ফেলে দিতে হয়েছে। একই অভিযোগ করেছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রুবেল ও শাকিল। তারা জানায়, তাদের দেওয়া ডিমের কুসুমে পানি ও কালচে আবরণ ছিল।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম বলেন, প্রায় প্রতিদিনই নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে। বিষয়টি সরবরাহকারী প্রতিষ্ঠান ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে একাধিকবার মৌখিকভাবে জানানো হলেও কোনো সমাধান হয়নি। তিনি আরও দাবি করেন, এসব খাবার খেয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
অভিযোগের বিষয়ে সরবরাহকারী প্রতিষ্ঠান ‘সুশীলন’-এর এরিয়া ম্যানেজার সুমন হোসেন পচা ডিম সরবরাহের বিষয়টি স্বীকার করে জানান, অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট ডিমগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে। তবে পাউরুটিতে ছত্রাক থাকার অভিযোগ তিনি অস্বীকার করেন। তার দাবি, অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য খাবার আলাদা করে সংরক্ষণ করায় পরে বিতরণের সময় মানের পরিবর্তন হতে পারে।
এদিকে, মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মৈত্র বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



