জাতীয়

নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা

অনলাইন নিউজ ডেস্ক

নোয়াখালীর হাতিয়ায় এক নারীকে সঙ্গে নিয়ে একটি ঘরে অবস্থানকালে স্থানীয়দের হাতে আটক হওয়ার ঘটনায় আশ্রাফ উদ্দিন (৪০) নামে এক যুবদল নেতাকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় জেলা যুবদলের দপ্তর সম্পাদক রাইসুল হায়দার বাবুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ল্যাংড়া তেমুনী এলাকায় একটি ঘর থেকে স্থানীয়রা আশ্রাফ উদ্দিন ও এক নারীকে আটক করেন।

আশ্রাফ উদ্দিন হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। তিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের বাসিন্দা ইসমাইল মাঝির ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আশ্রাফ উদ্দিনকে নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি পদ ও প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান এ সিদ্ধান্ত কার্যকর করেন। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

স্থানীয় সূত্রের দাবি, শনিবার রাত পৌনে ১০টার দিকে আশ্রাফ উদ্দিন নোয়াখালী সদর উপজেলার এক নারীকে নিয়ে জাহাজমারা ইউনিয়নের ল্যাংড়া তেমুনী এলাকার একটি ঘরে প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা সেখানে গিয়ে তাদের বাইরে নিয়ে আসেন। এ সময় উপস্থিত কয়েকজন ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে রাত ১১টার দিকে স্থানীয়ভাবে তাদের ছেড়ে দেওয়া হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখান থেকে চলে যান। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি এবং স্থানীয়দের কাছ থেকেও এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button