সারাদেশ

চট্টগ্রামে টানা ভারি বর্ষণে ভয়াবহ জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত

অনলাইন নিউজ ডেস্ক

কয়েকদিনের টানা ভারি বর্ষণে চট্টগ্রাম নগরীর অধিকাংশ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকায় বাসাবাড়ি, সড়ক, অলিগলি ও দোকানপাট প্লাবিত হয়েছে। বহদ্দারহাট, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, হালিশহর, মুরাদপুর, পতেঙ্গাসহ বহু এলাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।

নিচু এলাকার অনেক বাসায় পানি ঢুকে পড়ায় রান্নাবান্না বন্ধ হয়ে গেছে এবং অনেক পরিবার খাদ্যসংকটে পড়েছে। টয়লেট ডুবে যাওয়ায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও অচল হয়ে পড়েছে। শিশু, বয়স্ক ও অসুস্থ সদস্যদের নিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন নিচতলার বাসিন্দারা। পাশাপাশি বিভিন্ন দোকানে পানি ঢুকে পণ্য ও আসবাবপত্রের ক্ষতি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পতেঙ্গায় ২৩৭.৫ মিলিমিটার এবং আমবাগানে ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরও অন্তত দুই দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ কারণে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড়ধসের ঝুঁকিও রয়েছে। প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।

এদিকে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় ঢাকা–কক্সবাজার রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। প্রায় এক হাজার যাত্রী দীর্ঘ সময় আটকে থাকার পর নিরাপত্তার স্বার্থে একটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button