বিনোদন

এখন বুঝতে পারছি মৌসুমী কেন ওমর সানীকে চাবুক মারতেন

অনলাইন নিউজ ডেস্ক

ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে চিত্রনায়ক ওমর সানীর একটি মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন তিনি ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

ওমর সানীর বক্তব্যের প্রতিক্রিয়ায় নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন জয়। সেখানে তিনি লেখেন, ‘ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছেন। নব্বইয়ের দশকে সিনেমায় দেখতাম মৌসুমী ওমর সানীকে চাবুক মারতেন। কেন মারতেন, এখন বুঝতে পারছি।’

জয়ের এই পোস্ট প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে রসিকতা হিসেবে নিলেও কেউ কেউ একজন জ্যেষ্ঠ অভিনয়শিল্পীকে নিয়ে এমন মন্তব্যের সমালোচনা করেছেন।

জানা গেছে, বিতর্কের শুরু হয় ওমর সানীর একটি ভিডিও বক্তব্যকে কেন্দ্র করে। ওই ভিডিওতে তিনি আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়ার জন্ম দেয়। পরে আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে তার আরেকটি বক্তব্য সামনে এলে আলোচনা আরও বাড়ে।

পরে নিজের অবস্থান ব্যাখ্যা করে শাহরিয়ার নাজিম জয় জানান, তার পোস্টটি ছিল শুধুই রসিকতার উদ্দেশ্যে করা। তিনি বলেন, খেলাধুলা মানুষের বিনোদনের একটি মাধ্যম হলেও তা নিয়ে বিভাজন বা বিরূপতা তৈরি হওয়া উচিত নয়।

জয় আরও বলেন, ওমর সানী তার পছন্দের একজন মানুষ। মেসিকে নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তিনি মজার ছলে ওই পোস্ট করেছিলেন। কাউকে অপমান করা তার উদ্দেশ্য ছিল না বলেও জানান তিনি।

এদিকে, ওমর সানীর মন্তব্য ও জয়ের ফেসবুক পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে ফুটবলপ্রেমী ও বিনোদন অঙ্গনের মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button