

অনলাইন নিউজ ডেস্ক
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আবাসিক হলের খাবারের মান নিয়ে মন্তব্য করায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা তিন দফা দাবি জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, দাবি বাস্তবায়ন না হলে ক্লাস-পরীক্ষা বর্জনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
রোববার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোলচত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা হামলার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— হামলার সঙ্গে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার, শাহপরান আবাসিক হলের প্রভোস্টের পদত্যাগ ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আহত শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা।
সমাবেশে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমির হোসেন অভিযোগ করেন, অতীতেও হল-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলা শিক্ষার্থীরা হয়রানির শিকার হয়েছেন। এবারও হলের খাবারের মান নিয়ে কথা বলায় তাদের বিভাগের এক শিক্ষার্থীকে প্রথমে হয়রানি এবং পরে মারধর করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একই বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, উপাচার্যের সঙ্গে আলোচনার পর তদন্তের জন্য তিন দিনের সময় দেওয়া হলেও তদন্ত কমিটির বিজ্ঞপ্তিতে ব্যবহৃত ভাষা নিয়ে শিক্ষার্থীদের আপত্তি রয়েছে। তার দাবি, ওই ভাষা ঘটনাটিকে যথাযথভাবে উপস্থাপন করেনি। তিনি ভাষা সংশোধন, নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও সতর্ক করেন।
উল্লেখ্য, শাহপরান আবাসিক হলের খাবারের মান নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মন্তব্য করার জেরে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাইরুল খন্দকার মারধরের শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শাখা ছাত্রদলের যোগাযোগ সম্পাদক হাসিবুর রহমান ও সহ-দপ্তর সম্পাদক তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত দুজনই শাহপরান হলের আবাসিক শিক্ষার্থী।
এদিকে, ঘটনার পর অভিযুক্ত দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। রোববার (১৯ জুলাই) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



