রাজনীতি

সরকারে আছি বলে কাউকে গরম দেখাবেন না’— নেতাকর্মীদের মির্জা ফখরুল

অনলাইন নিউজ ডেস্ক

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের ভালো কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের আহ্বান জানিয়ে বলেছেন, সরকারে রয়েছে বলে কাউকে প্রভাব দেখানো বা জোর করে কিছু নেওয়ার চেষ্টা করা যাবে না।

রোববার (২ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “ভালো কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে। সরকারে আছি বলে কাউকে গরম দেখাবেন না, কারও কাছ থেকে জোর করে কিছু নেবেন না। দাম্ভিকতা ও সীমালঙ্ঘন আল্লাহ পছন্দ করেন না। মানুষের পাশে দাঁড়ান, বিনয়ী হোন।”

ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ধর্ম মানুষের অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়। তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। রাষ্ট্রে সব নাগরিকের সমান অধিকার রয়েছে—হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবার।”

ঠাকুরগাঁওয়ের উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জেলার দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকার কাজ করছে। তিনি জানান, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসক ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংখ্যা বাড়ানোর পাশাপাশি একটি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেই নির্বাচনে অংশ নিতে হবে। মানুষের জন্য কাজ করলে তারাই ভোটের মাধ্যমে সেই মূল্যায়ন করবে।

তিনি আরও বলেন, গত ১৫ বছর বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নানা ধরনের মামলা, হয়রানি ও কারাভোগের শিকার হয়েছেন। বর্তমান পরিস্থিতিকে তিনি ‘সুদিনের সূচনা’ হিসেবে উল্লেখ করেন এবং দলীয় নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button