

অনলাইন নিউজ ডেস্ক
ঢাকেশ্বরী মন্দিরে কথিত সমলিঙ্গ বিবাহের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দেশের ১ হাজার ২৩০ জন বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে তারা এ দাবি জানান।
বিবৃতিতে বিভিন্ন পেশার নাগরিকদের পাশাপাশি আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বাক্ষর করেছেন বলে জানানো হয়েছে।
‘মূল্যবোধ আন্দোলন’-এর মুখপাত্র ইঞ্জিনিয়ার মুহাম্মাদ সাদাতের পাঠানো বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ঢাকেশ্বরী মন্দিরে একটি সমলিঙ্গ বিবাহের ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে, যা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা দাবি করেন, দেশের প্রচলিত আইন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের আলোকে বিষয়টির তদন্ত হওয়া প্রয়োজন। তারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে বাংলাদেশের সংবিধান, বিদ্যমান আইন এবং দণ্ডবিধির ৩৭৭ ধারার উল্লেখ করে বলা হয়, সমলিঙ্গ সম্পর্ক ও বিবাহের বিষয়ে দেশের আইনি অবস্থান পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
এতে আরও বলা হয়, ঢাকেশ্বরী মন্দিরের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ঘটনা ঘটার অভিযোগ ওঠার পরও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করছেন।
বিবৃতিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে।
বিবৃতি প্রদানকারীদের পূর্ণাঙ্গ তালিকা ‘মূল্যবোধ ডট কম’ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়েছে। স্বাক্ষরকারীদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, ধর্মীয় ব্যক্তিত্ব ও পেশাজীবীরা রয়েছেন।
বিবৃতিতে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক অধ্যাপক মোখতার আহমাদ, মসজিদ উত তাকওয়া সোসাইটির খতিব মুফতি সাইফুল ইসলাম, আইইউবির অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার আসিফ মাহতাব উৎস, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পেশাজীবীরা।



