

বর্তমান সরকারকে সফল করতে বিরোধী দলগুলোর সহযোগিতা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তবে বিরোধী দলগুলো সরকারের পতন চাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমে প্রচারিত এক ভিডিওতে রাশেদ খান বলেন, “সরকারের পতন হলে আপনারা ক্ষমতা চালাতে পারবেন? নাকি বর্তমান সরকারের পতন ঘটিয়ে আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন?”
তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে নতুন কোনো গণঅভ্যুত্থান বা আন্দোলন সফল হওয়ার সম্ভাবনা নেই। নাহিদ ইসলাম একসময় জনগণের কাছে জামায়াতের গ্রহণযোগ্যতা নেই বলে মন্তব্য করলেও বর্তমানে তিনি দলটির সঙ্গে কর্মসূচি পালন করছেন বলেও সমালোচনা করেন রাশেদ খান।
তিনি আরও বলেন, ১১ দলীয় জোট থেকে দুই দল সরে যাওয়ায় জোটটি বর্তমানে ৯ দলীয় জোটে পরিণত হয়েছে।
নাহিদ ইসলাম ও মাহফুজ আলমের সমালোচনা করে রাশেদ খান বলেন, দায়িত্ব পালনের ছয় মাস পরও তারা গণমাধ্যমে কাঙ্ক্ষিত সংস্কার আনতে পারেননি। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায়ও তারা ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।



